যুব সাথী প্রকল্পে ফর্ম ফিলাপে ভুল? বাতিল হতে পারে আবেদন! জেনে নিন সংশোধনের আসল নিয়ম

রাজ্য সরকারের ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্পে আবেদন প্রক্রিয়া শেষ হলেও দুশ্চিন্তা কাটছে না আবেদনকারীদের। তাড়াহুড়ো করে ফর্ম ফিলাপ করতে গিয়ে তথ্যগত ভুল করেছেন অনেকেই। পোর্টালে স্পষ্ট জানানো হয়েছে, একবার ‘ফাইনাল সাবমিট’ হয়ে গেলে অনলাইনে আর তা সংশোধন করা সম্ভব নয়। ফলে ভুল তথ্যসহ জমা পড়া আবেদনপত্রগুলি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে অনেকেই অন্য মোবাইল নম্বর দিয়ে পুনরায় আবেদনের কথা ভাবছেন, কিন্তু সাবধান! আপনার মোবাইল নম্বর বদলালেও আধার নম্বর একই থাকছে। ফলে সিস্টেম আপনার আবেদনকে ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত করে স্থায়ীভাবে বাতিল করে দিতে পারে। এছাড়া আরেকটি বড় ভুল যা অনেকেই করছেন— সরাসরি অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি নথির ফটোকপি বা জেরক্সের ওপর ‘Self-Attested’ লিখে নিজের সই করতে হবে এবং সেই সই করা কাগজটিই স্ক্যান করে আপলোড করতে হবে। অন্যথায় আবেদনটি গ্রাহ্য হবে না।
মনে রাখবেন, এই প্রকল্পের অধীনে বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বা সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। তবে শর্ত হলো, আবেদনকারীকে অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। নিজের ফর্মটির স্থিতি জানতে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।