পাক বায়ুসেনা ঘাঁটিতে তালিবানি হামলা! নূর খান বেস ও কোয়েটা লণ্ডভণ্ড, সরাসরি যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

একদিকে ইরান-আমেরিকা দ্বৈরথে জ্বলছে মধ্যপ্রাচ্য, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় শুরু হয়ে গেল পাকিস্তান ও আফগানিস্তানের পূর্ণাঙ্গ যুদ্ধ। গত পাঁচ দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝেই বড়সড় সাফল্য দাবি করল তালিবান বাহিনী। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘নূর খান’ বায়ুসেনা ঘাঁটি এবং কোয়েটার ১২ নম্বর ডিভিশন সদর দফতরে সশস্ত্র ড্রোন দিয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে তারা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে।
সংঘর্ষের মাত্রা এতটাই বেড়েছে যে, তালিবানরা দাবি করেছে তারা পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে এবং এক পাক জওয়ানকেও আটক করা হয়েছে। এই ঘটনার পরেই পাকিস্তানের ধৈর্যচ্যুতি ঘটেছে। শনিবার পাক প্রতিমন্ত্রী খোয়াজা আসিফ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তাঁর সাফ হুঁশিয়ারি, “ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, এবার সরাসরি লড়াই হবে।”
রবিবার ভোর থেকেই পাকিস্তানের ‘গজব লিল হক’ অভিযানের প্রভাবে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার। একাধিক জায়গায় জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। খাইবার পাখতুনখোয়া সীমান্ত পেরিয়ে পাকিস্তানও একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ, অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এই সম্মুখ সমরের ফলে গোটা এশিয়ায় এখন চরম অস্থিরতা তৈরি হয়েছে।