ভিড় সামলাতে হিমশিম! বিজয়-রশ্মিকার ৪ মার্চের রিসেপশনে আমজনতার প্রবেশ নিষেধ, জারি কড়া ফতোয়া

দক্ষিণী সিনেমার দুনিয়া কাঁপিয়ে এবার বাস্তব জীবনেও সাত পাকে বাঁধা পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। রাজস্থানের উদয়পুরে রূপকথার বিয়ের পর এবার নজর হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশনের দিকে। তবে ৪ মার্চের এই অনুষ্ঠান নিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা করলেন নবদম্পতি। ‘ভিরোশ ওয়েডিং রিসেপশন’-এ সাধারণ ভক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে বিজয় ও রশ্মিকা জানিয়েছেন, ভক্তদের প্রবল উন্মাদনা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।
শুরুতে পরিকল্পনা ছিল তেলুগু, হিন্দি, তামিল ও মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এক বিশাল মহোৎসবের। কিন্তু হাজার হাজার ভক্তের ভিড় সামলানো এবং শহরের যানজট নিয়ন্ত্রণের কথা ভেবে পুলিশ প্রশাসন এই আয়োজন ছোট করার পরামর্শ দেয়। বিজয় ও রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের কাছে ভক্তদের ভালোবাসাই শ্রেষ্ঠ পুরস্কার, কিন্তু কারও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই কারণেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ৪ মার্চের এই অনুষ্ঠানটি এখন একটি ‘ক্লোজড-ডোর’ ইভেন্ট হিসেবে পালিত হবে, যেখানে শুধুমাত্র আমন্ত্রিতরা প্রবেশের অনুমতি পাবেন।
উদয়পুরের ব্যক্তিগত অনুষ্ঠানে বিজয়ের পরিবারের তেলুগু রীতি এবং রশ্মিকার কুর্গি ঐতিহ্যের কোদাভা রীতির সংমিশ্রণে চার হাত এক হয়েছে। বিয়ের পর হায়দরাবাদে ফিরে এসে এই দম্পতি পাপারাৎজিদের মিষ্টি বিতরণ করেন এবং তিরুপতি মন্দিরে আশীর্বাদ নিতে যান। বিয়ের পর থেকেই তাঁদের প্রতিটা পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিসেপশনে আমজনতার প্রবেশ নিষেধ থাকলেও, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তাঁরা। দম্পতি অনুরোধ করেছেন, ভক্তরা যেন এই ব্যক্তিগত উদযাপনের গোপনীয়তাকে সম্মান করেন এবং নিরাপত্তার নিয়ম মেনে চলেন।