বাপের জন্মে শোনেননি! ছেলের ১০ লক্ষ টাকা হাতাতে দ্বিতীয় বিয়ে বাবার, আদালতের দোরগোড়ায় ১০ বছরের খুদে

রীতিমতো সিনেমার গল্পকেও হার মানাবে চিনের এই বাস্তব ঘটনা। নিজের ১০ বছরের নাবালক ছেলের জমানো টাকা হাতিয়ে নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বাবা! কিন্তু সেই খুদেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিজের অধিকার বুঝে নিতে ১০ বছর বয়সেই সটান আদালতের দ্বারস্থ হয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে সে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চিনে নববর্ষের সময় বড়রা ছোটদের লাল খামে করে অর্থ উপহার দেন, যাকে বলা হয় ‘লাকি মানি’। জন্মের পর থেকে পাওয়া সেই সমস্ত উপহারের টাকা জমিয়ে প্রায় ৮২,৭৫০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা) জমিয়েছিল ওই বালক। ছেলে নাবালক হওয়ায় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা রাখতেন বাবা। সম্প্রতি ওই বালকের বাবা ও মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং স্থির হয় ছেলে মায়ের কাছেই থাকবে। এরপরই বেরিয়ে আসে আসল সত্যি। মা দেখেন, ছেলের অ্যাকাউন্ট একদম ফাঁকা! জমানো সব টাকা সুদসহ তুলে নিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী।
তদন্তে জানা যায়, ওই ব্যক্তি ছেলের জমানো সেই ১০ লক্ষ টাকা নিজের দ্বিতীয় বিয়ের রাজকীয় আয়োজনে খরচ করে ফেলেছেন। ছেলে বারবার টাকা ফেরত চাইলেও বাবা তা দিতে অস্বীকার করেন। শেষমেশ ওই খুদে আদালতের শরণাপন্ন হয়। চিনের আদালত সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্ত বাবাকে কঠোর নির্দেশ দিয়েছে— অবিলম্বে ছেলের জমানো আসল টাকা এবং তার ওপর অর্জিত সমস্ত সুদ ফেরত দিতে হবে। নিজের ছেলের জমানো অর্থ এভাবে আত্মসাৎ করে বিয়ের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।