মমতাকে নিয়ে ‘দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’! ভোটের আগেই কি মাস্টারস্ট্রোক দিতে চলেছে তৃণমূল?

বাংলার রাজনীতিতে উত্তাপ বাড়াতে এবার বড়পর্দায় অভিষেক ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযুদ্ধের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের সমস্ত ‘অপপ্রচারের’ কড়া জবাব দিতে তৈরি হচ্ছে বিশেষ ডকু-ফিচার ‘দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ (The Untold Story of Banerjee)। আরকে এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ২৫ মিনিটের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তৃণমূল নেত্রীর দীর্ঘ সংগ্রামের কাহিনি। আজ বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এই ছবির টিজার লঞ্চ হতে চলেছে।

এই ডকু-ফিচারের প্রযোজক তথা অভিনেতা জুনেইদ খান জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সাধারণ ঘরের মেয়ে থেকে কোটি মানুষের প্রিয় ‘দিদি’ হয়ে উঠলেন, সেটাই এই ছবির মূল উপজীব্য। তবে চমক এখানেই শেষ নয়; এই ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান। জুনেইদের দাবি, অনেকেই জানেন না যে একদম ছোটবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন অভিষেক। বঙ্গ রাজনীতিতে তাঁর অবদান এবং নেত্রীর পাশে থেকে লড়াইয়ের সেই ‘আনটোল্ড’ বা না বলা গল্পই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক রাহুল সাহা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ‘আবেগ’ এবং অভিষেককে ‘আইডল’ মনে করেন জুনেইদ। ছবির মান বজায় রাখতে এবং অর্থ জোগাড় করতে নিজের পঞ্চান্ন গ্রামের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তিনি। ছবিতে অভিষেকের চরিত্রে জুনেইদ নিজেই অভিনয় করছেন। বর্তমানে রমজানের কারণে শ্যুটিং সাময়িক বন্ধ থাকলেও, উদ্যোক্তাদের লক্ষ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তথ্যচিত্র মানুষের দরবারে পৌঁছে দেওয়া। জুনেইদ সাফ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, বিরোধীদের কুৎসার মাঝে সেই সত্য তুলে ধরাই তাঁর এই জেদি লড়াইয়ের মূল উদ্দেশ্য।