বন্ধুর হাতেই নৃশংস খুন! উত্তর ২৪ পরগনার বিরায় মদের আসরেই কিমাকার কাণ্ড, ১৯ বছরের যুবকের গলা কাটল সঙ্গীরা

বন্ধুদের সাথে রাতের আড্ডাই যে সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারেননি ১৯ বছরের তরুণ মঙ্গল সাধক। উত্তর ২৪ পরগনার বিরা এলাকায় মদের আসরকে কেন্দ্র করে ঘটে গেল এক শিউরে ওঠা হত্যাকাণ্ড। সামান্য কথাকাটাকাটির জেরে নিজেরই বন্ধুদের হাতে নৃশংসভাবে প্রাণ হারালেন ওই যুবক। এই ঘটনায় বর্তমানে শোকস্তব্ধ গোটা পরিবার এবং চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত মঙ্গল সাধকের আদি বাড়ি নিউ ব্যারাকপুরের লেলিনগড় এ ব্লকে হলেও, শৈশব থেকেই তিনি বিরায় মামাবাড়িতে থাকতেন। অভাবের সংসারে হাল ধরতে একটি ব্যাগ কারখানায় কাজ শুরু করেছিলেন তিনি। পরিবারের দাবি, ঘটনার রাতে মঙ্গল বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। সেই সময় বিজয় এবং ডুকু নামে তাঁর দুই পরিচিত বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই শুরু হয় মদের আসর। পুলিশ সূত্রে খবর, আড্ডার মাঝে কোনও একটি পুরনো বা তাৎক্ষণিক বিষয় নিয়ে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলের গলায় গভীর কোপ মারা হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই মঙ্গলকে উদ্ধার করে পুলিশে খবর দেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। ঘটনার গুরুত্ব বুঝে বিরা থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে বিজয় নামক এক অভিযুক্তকে পুলিশ আটক করলেও ডুকু এখনও পলাতক। পুলিশ খতিয়ে দেখছে এটি নিছকই মদের নেশায় বচসা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনও পুরনো শত্রুতা। এক তরুণের অকাল মৃত্যুতে বিরা এলাকায় এখন শ্মশানের নিস্তব্ধতা। মৃতের দাদা ঘাতকদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।