সৌরভের বায়োপিকে ডোনা কে? রাজকুমারের বিপরীতে কোন বাঙালি নায়িকা?

মাঠের ক্রিকেটে হোক বা রুপোলি পর্দায়—সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই টানটান উত্তেজনা। দাদার বায়োপিকে সৌরভের চরিত্রে রাজকুমার রাও-এর নাম চূড়ান্ত হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল— পর্দার ‘ডোনা’ কে? মিমি চক্রবর্তী থেকে ইশা সাহা, অনেক নামই ভাসছিল টিনসেল টাউনে। কিন্তু শেষ মুহূর্তে দাবার চালে এল বড় বদল!
কেন বাদ পড়লেন মিমি-ইশা?
মুম্বইয়ের নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া হন্যে হয়ে খুঁজছেন এমন একজনকে, যাকে দেখতে ঠিক ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনার মতো লাগবে। সূত্রের খবর, মিমি বা ইশা সাহার নাম আলোচনায় থাকলেও বয়সের সমীকরণ এবং চরিত্রের চাহিদায় তাঁরা পিছিয়ে পড়েছেন। কারণ, ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের একদম অল্প বয়সের লুক ফুটিয়ে তোলা হবে, যেখানে দরকার এক চিরন্তন স্নিগ্ধতা।
তালিকায় সবার উপরে কে?
সব জল্পনা ছাপিয়ে এখন টলিপাড়ার যে নামটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছে, তিনি হলেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। কেন তিনি?
-
চেহারার আদল: অমৃতার চেহারার সঙ্গে তরুণী ডোনার এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন নির্মাতারা।
-
নৃত্যে পারদর্শিতা: ডোনা গঙ্গোপাধ্যায় স্বয়ং একজন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। অমৃতা শুধু ভালো অভিনেত্রীই নন, তিনি একজন দক্ষ ডান্সারও। বায়োপিকের প্রয়োজনে এই গুণটিই তাঁকে দৌড়ে এগিয়ে দিয়েছে।
আর কারা থাকছেন?
ছবির কাস্টিং নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সৌরভের মায়ের চরিত্রে দেখা যেতে পারে টলিউডের প্রিয় মুখ অপরাজিতা আঢ্যকে। মুকেশ ছাবড়া তো এমনকি ‘রক্তবীজ ২’-এর সেটেও পৌঁছে গিয়েছিলেন সঠিক মুখ খুঁজতে। তবে এখন যা পরিস্থিতি, তাতে অমৃতার ভাগ্যেই শিকে ছিঁড়তে চলেছে বলে মনে করছে বিশ্বস্ত মহল।
খুব শীঘ্রই শুরু হতে চলেছে শ্যুটিং। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর দৃশ্যের পাশাপাশি সৌরভ-ডোনার প্রেমকাহিনি বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
