ভোটের দামামা বঙ্গে! আজই হাইভোল্টেজ বৈঠক কমিশনের, বাদ পড়ল লক্ষ লক্ষ নাম!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই রণকৌশল সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে। আজ, সোমবার ২ মার্চ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) তথা জেলাশাসক এবং পুলিশ সুপাররা (SP/SSP)। মূলত ভোটের আগে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং কীভাবে রুট মার্চ পরিচালনা করা হবে, তার ব্লু-প্রিন্ট আজই তৈরি হতে পারে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের আগে কোনও প্রকার অস্থিরতা বা ভীতির পরিবেশ বরদাস্ত করা হবে না। স্থানীয় থানাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে চমকপ্রদ বিষয় হলো, খসড়া তালিকা থেকে এক ধাক্কায় বাদ দেওয়া হয়েছে প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। এর মধ্যে প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকেই বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৭ হাজার ৫৩ জন। এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, যা নিয়ে বিচারবিভাগীয় স্ক্রুটিনি চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রক্রিয়ার পর ফের সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। নতুন ভোটার হিসেবে ফর্ম-৬ ও ফর্ম-৮ এর মাধ্যমে প্রায় ২ লক্ষ মানুষ যুক্ত হলেও, বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।