মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল! ৮ দেশে পরীক্ষা বাতিল করল CBSE, বিপাকে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া

মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো ধোঁয়ায় ঢাকা। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির জেরে মধ্যপ্রাচ্যের আটটি দেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)।

কোন কোন দেশে পরীক্ষা বাতিল? বোর্ডের জারি করা সার্কুলার অনুযায়ী, ২ মার্চ (সোমবার) বাহারিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে। আগামী ৩ মার্চ বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করবে এবং ৫ মার্চ পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অশান্তির মূল কারণ: শনিবার সকালে তেহরানে খামেনেইয়ের দপ্তরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। এই ঘটনায় খামেনেই ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত হতেই পাল্টা আঘাত হেনেছে ইরান। প্রতিবেশী দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করছে তেহরান। ফলে গোটা মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে।

বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ: খামেনেইয়ের মৃত্যুর খবরে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভের আঁচ পৌঁছেছে। এই চরম অস্থিরতার মাঝেই ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্র।