ফুটবল বিশ্বকাপেও যুদ্ধের ছায়া! ২০২৬ বিশ্বকাপ থেকে কি নাম তুলে নিচ্ছে ইরান?

যুদ্ধ আর বারুদের গন্ধে এবার স্তব্ধ হতে চলেছে ফুটবলের ছন্দ। ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। কিন্তু ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক হামলার জেরে এবার বিশ্বমঞ্চ থেকে নাম তুলে নেওয়ার ইঙ্গিত দিল ইরান ফুটবল ফেডারেশন। খোদ মার্কিন মুলুকে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফেডারেশন সভাপতির কড়া অবস্থান: ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ তেহরান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ করা তাঁদের পক্ষে অত্যন্ত কঠিন। তিনি এই সামরিক অভিযানকে ‘যুদ্ধ অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি ইরানের ঘরোয়া ফুটবল লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
ফিফার প্রতিক্রিয়া ও বিকল্প সমীকরণ: ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। ইরান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তবে গ্রুপ ‘জি’-তে (যেখানে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর রয়েছে) ইরানের পরিবর্তে ইরাক সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেতে পারে। উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইরানের প্রথম ম্যাচ খেলার কথা ছিল। ৩রা জুলাই ডালাসে আমেরিকার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল ইরানের। কিন্তু যুদ্ধের দামামায় সেই সব স্বপ্ন এখন বিশ বাঁও জলে।