সাবধান ভারত! ইডেনে সূর্যদের স্বপ্নভঙ্গ করতে পারে এই ৩ ক্যারিবিয়ান ‘দানব’

ইডেন গার্ডেন্সে আজ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ম্যাচ। সুপার এইটের এই লড়াই আসলে ভারতের জন্য এক ‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’। ভারত জিতলে সরাসরি সেমিফাইনাল, হারলে বিশ্বকাপ থেকে বিদায়। তিলোত্তমার এই পয়া পিচে টিম ইন্ডিয়ার রেকর্ড দুর্দান্ত হলেও, বিপক্ষ শিবিরে এমন ৩ জন ক্রিকেটার রয়েছেন যারা একার হাতে বদলে দিতে পারেন ম্যাচের রং। দেখে নিন টিম ইন্ডিয়াকে কাদের নিয়ে সতর্ক থাকতে হবে:

১. শিমরন হেটমায়ার (বিধ্বংসী বাঁহাতি): চলতি টুর্নামেন্টে হেটমায়ার রয়েছেন স্বপ্নের ফর্মে। ৬ ম্যাচে ২২১ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন, তিন নম্বর পজিশনে তিনিই এখন ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ড। ১৮২-র বিধ্বংসী স্ট্রাইক রেট আর ৪৪-এর গড়—হেটমায়ার ক্রিজে বেশিক্ষণ টিকে গেলে বুমরাহ-অর্শদীপদের কপালে চিন্তার ভাঁজ পড়া নিশ্চিত। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে তাঁর মারমুখী মেজাজ ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে।

২. রোমারিও শেফার্ড (অলরাউন্ডার তুরুপের তাস): ব্যাট হোক বা বল—শেফার্ড এখন এক ভয়ঙ্কর নাম। এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। লোয়ার অর্ডারে নেমে ১৫৬-র স্ট্রাইক রেটে দ্রুত রান তুলতে ওস্তাদ এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচেই ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন তিনি। স্লগ ওভারে তাঁর পাওয়ার হিটিং রুখতে হার্দিক পান্ডিয়াদের বিশেষ পরিকল্পনা নিতেই হবে।

৩. রস্টন চেস (রহস্যময় অফ-স্পিনার): ভারতকে সবথেকে বেশি ভোগাতে পারেন রস্টন চেস। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে ভারতীয় ওপেনাররা পাওয়ার-প্লে-তে স্পিনের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ শুরুতেই চেসকে আক্রমণে এনে ইশান কিষাণ বা অভিষেক শর্মাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন। ৪ ম্যাচে ৪ উইকেট নিলেও, তাঁর কৃপণ বোলিং (Economy Rate) ভারতীয় ব্যাটারদের হাত খোলার সুযোগ দেবে না। ইডেনের টার্নিং ট্র্যাকে চেস হয়ে উঠতে পারেন ভারতের প্রধান শত্রু।