সেমিফাইনালের টিকিট কি পকেটে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারতের তুরুপের তাস কারা?

নামেই সুপার এইট, আসলে এটিই অঘোষিত কোয়ার্টার ফাইনাল। রবিবার ছুটির মেজাজে থাকা তিলোত্তমার ‘নন্দন কানন’ ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের তিনটি জায়গা ইতিমধ্যেই দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। চতুর্থ ও শেষ জায়গাটির জন্য আজ লড়াই দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের। যারা জিতবে, তারাই চলে যাবে শেষ চারে।

টসের সিদ্ধান্ত ও রণকৌশল: রুদ্ধশ্বাস এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যার দিকে ইডেনের পিচে বোলাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন, আবার রাতের দিকে শিশির (Dew Factor) প্রভাব ফেললে ব্যাটারদের কাজ সহজ হয়ে যাবে—এই অংক কষেই রান তাড়া করার পথে হাঁটলেন সূর্য। দলের উইনিং কম্বিনেশনে কোনো বদল না ঘটিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া।

এক নজরে ভারতের একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

পরিসংখ্যানের লড়াই: দুই দলের মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চিত্রটা ভিন্ন। ৪টি সাক্ষাতে ক্যারিবিয়ানরা জিতেছে ৩ বার। তবে ইডেনের রেকর্ড ভারতের পক্ষে—এখানে মুখোমুখি হওয়া ৪টি ম্যাচেই জিতেছে ভারত। সেমিফাইনালের টিকিট কে ছিনিয়ে নেবে, তার উত্তর দেবে আজকের রাতের বাইশ গজ।