আইপিএল ২০২৬-এর উত্তাপ! সিএসকে শিবিরে ‘থালা’র রাজকীয় এন্ট্রি, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝেই ভারতে বাজতে শুরু করল আইপিএল ২০২৬-এর রণদামামা। আর সেই মহাযজ্ঞের প্রস্তুতিতে সবার আগে কোমর বেঁধে নামল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। ঢাকে কাঠি পড়তে এখনও মাসখানেক বাকি, কিন্তু চিপক স্টেডিয়ামে ইতিমধ্যেই হলুদ ব্রিগেডের মহাতারকাদের মেলা বসেছে। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিএসকে শিবিরে যোগ দিলেন দলের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি।

চিপকে মহাতারকাদের ভিড়: সোশ্যাল মিডিয়ায় সিএসকে-র অফিসিয়াল হ্যান্ডেল থেকে ধোনির আগমনের ভিডিও শেয়ার করা হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কেবল ধোনি নন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান এবং পেসার মুকেশ চৌধুরিরাও শিবিরে যোগ দিয়ে আজ থেকেই নেট সেশন শুরু করে দিয়েছেন। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা না হলেও, নিজেদের চাঙ্গা রাখতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ ‘থালা’ ও তাঁর দল।

মাঠে ফেরার আগেই আইনি জটিলতায় মাহি: তবে প্র্যাকটিস সেশন শুরু করলেও মাঠের বাইরের এক ঘটনায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঝাড়খণ্ড হাউজিং বোর্ড ধোনিকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। অভিযোগ উঠেছে, রাঁচির হরমু রোডে বসবাসের জন্য ধোনিকে যে জমি ও বাড়ি দেওয়া হয়েছিল, তা বর্তমানে ব্যবসায়িক কাজে (কমার্শিয়াল) ব্যবহার করা হচ্ছে। ওই বাড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে বলে খবর, যা নিয়মবিরুদ্ধ। বর্তমানে ধোনি তাঁর বিশাল ফার্ম হাউসে থাকলেও, এই পুরোনো বাড়ির জমি নিয়ে ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়াল কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। জবাব সন্তোষজনক না হলে জমি ও বাড়ি ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাঠের লড়াইতে নামার আগে ধোনি এই ‘অফ-ফিল্ড’ বাউন্সার কীভাবে সামলান, সেটাই এখন দেখার।