১ মার্চ থেকে বদলে গেল নিয়ম! UTS অ্যাপ অতীত, ট্রেনের টিকিট কাটতে ফোনে রাখুন এই নতুন অ্যাপ

ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন এল। ১ মার্চ, ২০২৬ থেকে পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল অতি পরিচিত UTS (Unreserved Ticketing System) অ্যাপ। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) জানিয়েছে, এখন থেকে লোকাল ট্রেনের জেনারেল টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে যাত্রীদের ব্যবহার করতে হবে সম্পূর্ণ নতুন ‘RailOne’ (রেলওয়ান) অ্যাপ।
কেন এই বদল? কী কী সুবিধা মিলবে RailOne-এ? যাত্রীদের সুবিধার্থে রেল এবার ‘ওয়ান-স্টপ-সলিউশন’ নিয়ে এসেছে। আগে লোকাল ও রিজার্ভড টিকিটের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, কিন্তু RailOne অ্যাপে মিলবে বহুমুখী সুবিধা:
-
টিকিট বুকিং: লোকাল ট্রেনের আনরিজার্ভড টিকিট, এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনের রিজার্ভেশন এবং প্ল্যাটফর্ম টিকিট—সবই মিলবে এক জায়গায়।
-
লাইভ ট্র্যাকিং ও PNR: ট্রেনের বর্তমান অবস্থান এবং PNR স্ট্যাটাস চেক করা যাবে মুহূর্তেই।
-
কোচ ও প্ল্যাটফর্ম গাইড: আপনার কোচটি ইঞ্জিনের কত কাছে বা ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, তা আগেভাগেই জানা যাবে।
-
খাবার অর্ডার: যাত্রাপথে পছন্দের খাবার অর্ডার করার সুবিধাও থাকছে এই অ্যাপে।
-
রেল মদদ: কোনো সমস্যায় পড়লে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
পুরনো R-Wallet-এর টাকার কী হবে? সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল UTS অ্যাপের ওয়ালেটে থাকা টাকা। রেল স্পষ্ট জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। UTS অ্যাপে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল, সেই একই নম্বর দিয়ে RailOne অ্যাপে লগ-ইন করলেই পুরনো ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত (Migrate) হয়ে যাবে। তবে নাম বা নম্বরে ভুল থাকলে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। mPIN বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে খুব সহজেই এই অ্যাপে লগ-ইন করা সম্ভব। অ্যান্ড্রয়েড এবং iOS—উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই নতুন অ্যাপটি।