১ কোটি নাম উধাও! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৬ মার্চ ধর্মতলায় মেগা ধরনায় মমতা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে নজিরবিহীন সংঘাতের সাক্ষী হতে চলেছে বাংলা। ভোটার তালিকায় প্রায় ৬৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ রাখার প্রতিবাদে সরাসরি রাজপথে নামার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা ও অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। রবিবার তৃণমূল ভবন থেকে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার নির্বাচন কমিশন প্রকাশিত তালিকার পরিসংখ্যান সামনে আসতেই নবান্ন ও তৃণমূল ভবনে তৎপরতা তুঙ্গে ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এটি নিছক প্রশাসনিক ভুল নয়, বরং গণতান্ত্রিক কণ্ঠরোধের এক পরিকল্পিত ‘নীল নকশা’। তিনি বলেন, “বিজেপি নেতারা আগেই দাবি করেছিলেন ১ কোটি নাম বাদ যাবে, আজ কমিশনের তালিকায় ঠিক সেটাই প্রতিফলিত হচ্ছে। এই কমিশন বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে।” তৃণমূলের দাবি, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু এবং প্রান্তিক জনপদের মানুষ।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই ধরনা সরাসরি নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল। অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে এই ‘ভুল’ সংশোধন করা না হলে এবং বৈধ ভোটারদের নাম তালিকায় ফেরানো না হলে এই আন্দোলন কেবল কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না; তা বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সব মিলিয়ে ১ কোটিরও বেশি মানুষের ভোটাধিকার অনিশ্চয়তার মুখে পড়ায় সরগরম রাজ্য রাজনীতি। ৬ মার্চের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।