জঙ্গলের অন্ধকারে যমদূত! হাতির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে পিষে মৃত ২ যুবক

রাতের অন্ধকারে বনের নিস্তব্ধতা চিরে দ্রুত গতিতে ছুটছিল বাইক। কিন্তু সেই গতির শেষ যে এমন মর্মান্তিক হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি উত্তরপ্রদেশের দুই যুবক। শনিবার রাতে নৈনিতাল জেলার টাণ্ডা অরণ্যে হাতির সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন শাকিল (২৬) ও জাফর (২৮) নামে দুই বন্ধু। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা ওই দুই যুবক বর্তমানে হলদ্বাণীর গফুর বস্তিতে থেকে হকারির কাজ করতেন।

পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হলদ্বাণী থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রুদ্রপুরে যাওয়ার পথে রামপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। জঙ্গলঘেরা ওই রাস্তায় কোনো স্ট্রিট লাইট না থাকায় অন্ধকার অত্যন্ত ঘন ছিল। প্রত্যক্ষদর্শীদের অনুমান, রাস্তা পার হতে থাকা বিশালকায় হাতিটিকে লক্ষ্য করতে পারেননি বাইক আরোহীরা, যার ফলে সরাসরি হাতিটির গায়ে গিয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

তরাই সেন্ট্রাল ডিভিশনের ডিএফও উমেশ চন্দ্র তিওয়ারি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি একটি স্বীকৃত ‘এলিফ্যান্ট করিডোর’। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে মৃত্যুটি নিছক ধাক্কার জেরে নাকি হাতিটি পালটা হামলা চালিয়েছিল। উল্লেখ্য, উত্তরাখণ্ডে হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে (বর্তমানে ১৭৯২টি) জঙ্গল সংলগ্ন রাস্তাগুলিতে মানুষের নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে।