ইরানে যুদ্ধের দামামা! খামেনেইয়ের মৃত্যুতে মসজিদে উড়ল ‘লাল পতাকা’, ইজরায়েল-আমেরিকার কি এবার ধ্বংস নিশ্চিত?

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর এক নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব। একদিকে যখন খামেনেইয়ের অনুগামীরা শোকস্তব্ধ, অন্যদিকে ইরানের পবিত্র ‘জামকারান’ মসজিদের গম্বুজে উড়িয়ে দেওয়া হয়েছে বিশালাকার এক ‘লাল পতাকা’। শিয়া ঐতিহ্যে এই রক্তবর্ণ পতাকার অর্থ অত্যন্ত ভয়ঙ্কর—এটি ‘অন্যায় হত্যার প্রতিশোধ’ এবং ‘যুদ্ধের প্রস্তুতির’ চূড়ান্ত সংকেত।
আন্তর্জাতিক মহলের মতে, খামেনেইয়ের মৃত্যুর পর এই লাল পতাকা ওড়ানোর অর্থ হলো ইরান এখন সরাসরি সামরিক সংঘাতের পথে। বিশেষ করে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে তেহরানের এই ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়। শনিবার সকাল থেকেই আমেরিকা ও ইজরায়েলি হামলার পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে শুরু করেছে ইরান। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে, ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে তারা, যেখানে ১৫ জন ভারতীয় নাবিক রয়েছেন বলে খবর।
গোটা ইরান এখন থমথমে। কোথাও শোক মিছিল, আবার কোথাও ক্ষোভের আগুন। ওমান বন্দরে ইরানের ড্রোন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমতাবস্থায় সংযুক্ত আরব আমিরশাহি ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেও, তেহরানের লাল পতাকা স্পষ্ট করে দিচ্ছে যে তারা এখন কেবল ধ্বংসাত্মক বদলা নিতেই মরিয়া। পশ্চিম এশিয়ায় কি তবে এক মহাপ্রলয় আসন্ন? নজর রাখছে গোটা বিশ্ব।