“রাজ্যে আসুন মুখ্য নির্বাচন কমিশনার!” বাংলায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব শমীক, ইসিআই-কে চরম চিঠি!

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) শেষ হতেই নতুন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য সরাসরি অভিযোগ তুলেছেন যে, শাসকদল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে কাজ করছে রাজ্যের প্রশাসন ও বুথ লেভেল অফিসাররা (BLO)। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বিষয়টি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সশরীরে গোটা টিম নিয়ে বাংলায় এসে তদন্ত করতে হবে।

শমীকবাবুর প্রশ্ন, “সারা দেশে ১২টি রাজ্যে এসআইআর চলছে, কোথাও বিডিও অফিসে বিক্ষোভ বা ভাঙচুর হচ্ছে না, তবে পশ্চিমবঙ্গেই কেন এমন পরিস্থিতি?” তিনি সাফ জানান, মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখেনি বিএলও-রা। এদিকে কমিশনের প্রকাশিত তথ্য বলছে, খসড়া তালিকার পর প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়েছে বাংলা থেকে। বর্তমানে রাজ্যের মোট ভোটারের সংখ্যা ৭.০৪ কোটি। কমিশন ১০০ শতাংশ ভৌত যাচাইয়ের দাবি করলেও, শমীক ভট্টাচার্যের অভিযোগ—তৃণমূলের চাপে অনেক বৈধ নাম বাদ দেওয়া হয়েছে অথবা কারচুপি করা হয়েছে। এই সংঘাতের আবহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার।