ভোরের আলো ফুটতেই গর্জে উঠল ভারতীয় সেনা! পুঞ্চ সীমান্তে পাক ড্রোনের হানা, রণক্ষেত্র নিয়ন্ত্রণরেখা!

বিশ্বজুড়ে যখন যুদ্ধের ডামাডোল, ঠিক তখনই ভারত-পাক সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ালো। রবিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘড়িতে তখন সকাল ৬টা ১০ মিনিট। ডিগওয়ার সেক্টরে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানরা আকাশে একটি রহস্যময় আলো দেখতে পান। মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয় যে, সেটি পাকিস্তান থেকে আসা একটি ড্রোন।

সীমান্ত পেরিয়ে ড্রোনটি ভারতীয় এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই সতর্ক হয়ে যান জওয়ানরা। ড্রোনটিকে লক্ষ্য করে এক ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়। গুলির দাপটে টিকতে না পেরে ড্রোনটি দ্রুত পাকিস্তানের দিকে ফিরে যায়। তবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বার ড্রোনের অনুপ্রবেশ। সেনার আশঙ্কা, ড্রোন ব্যবহার করে ভারতের ভেতরে অস্ত্র বা মাদক ফেলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো। ঘটনার পরেই পুঞ্চের পাহাড়ি জঙ্গল ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। বসানো হয়েছে আধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম।