ভোটের বাদ্যি বাজার আগেই শিলিগুড়িতে সেনার বুট-জুতো’র শব্দ! উত্তরবঙ্গের সদর দপ্তরে শুরু দাপুটে রুট মার্চ!

বঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িকে। শনিবার রাতেই শিলিগুড়ির ডাবগ্রামে পৌঁছে গিয়েছে এসএসবি-র (SSB) এক কোম্পানি বাহিনী। রবিবার থেকে শহরের অলিগলিতে রুট মার্চ শুরু করছে জওয়ানরা। প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে চার কোম্পানি বাহিনী শিলিগুড়িতে মোতায়েন করা হচ্ছে। জওয়ানদের থাকার জন্য মহিলা মহাবিদ্যালয় ও রেলের ইনডোর স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে রবিবার থেকেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে টহল দেবে।

অন্যদিকে, শনিবার প্রকাশিত হয়েছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। এবারের পরিসংখ্যানে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন হলেও, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছে। নথিপত্র সংক্রান্ত বিবাদ না মেটা পর্যন্ত এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়াতেও কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই বাহিনীকে ময়দানে নামিয়ে দেওয়া হল।