বিশ্বজুড়ে তেলের হাহাকার? হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, ভারতের ৫০% তেল সরবরাহ কি মাঝপথেই আটকে যাবে?

ইরান ও ইসরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল বিশ্বের জ্বালানি বাজারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ঘোষণা করেছে যে, তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ অবরুদ্ধ করেছে। এই পথ দিয়েই বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানের এই কড়া পদক্ষেপের ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে।

বিশেষজ্ঞদের মতে, ভারত প্রতিদিন প্রায় ২.৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করে, যার অর্ধেকেরও বেশি আসে ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে। এই সব তেলই হরমুজ প্রণালী দিয়ে ভারতে পৌঁছায়। এই পথ বন্ধ থাকলে ভারতের মাসিক আমদানির ৫০ শতাংশের বেশি ব্যাহত হতে পারে। অন্যদিকে, ইরানের তেলের বৃহত্তম ক্রেতা চীনও বিপাকে পড়েছে। পরিস্থিতি আঁচ করে বেইজিং ইতিমধ্যেই ইরান থেকে সরে রাশিয়ার তেলের দিকে ঝুঁকতে শুরু করেছে। যদি এই অবরোধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারতে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হতে পারে এবং থমকে যেতে পারে অর্থনীতির চাকা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) সদস্যদের আপৎকালীন মজুত ব্যবহারের পরামর্শ দিলেও ভারত এই সংকট কীভাবে সামাল দেয়, সেদিকেই তাকিয়ে বিশ্ব।