বিদায় নিল শিরশিরানি, হু হু করে বাড়ছে পারদ! দোল পূর্ণিমার আগেই তপ্ত বাংলা, কী জানালো আবহাওয়া দফতর?

বসন্তের মিঠে রোদ নয়, চৈত্রের শুরুতেই যেন কড়া নাড়ছে বৈশাখী দহন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। গত কয়েকদিনের হালকা শীতের আমেজ আজ থেকেই অতীত। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিসের মতে, আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা। উৎসবের দিনে দক্ষিণবঙ্গে শীতের লেশমাত্র থাকবে না। বরং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া বদলের জেরে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকায় সরাসরি রোদের তেজে গরমের অস্বস্তি আরও বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলে পারদ চড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রির আশেপাশে। তবে মঙ্গলবার থেকেই ঘামঝরানো গরমের দাপট শুরু হতে চলেছে।