ভয়াল বিস্ফোরণে কাঁপল মহারাষ্ট্র: ডিটোনেটর প্যাকিংয়ের সময় ভয়াবহ বিপর্যয়, রক্তে ভাসল কারখানা!

অন্ধ্রপ্রদেশের রেশ কাটতে না কাটতেই ফের এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্র। রবিবার সকালে নাগপুরের কাছে একটি বিস্ফোরক তৈরির কারখানায় (Gunpowder Factory) ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টা থেকে সোয়া ৭টার মধ্যে নাগপুরের রৌলগাঁও এলাকায় অবস্থিত ‘এসবিএল এনার্জি ফ্যাক্টরি’-তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই সময় কারখানার ডিটোনেটর প্যাকিং শাখায় কাজ করছিলেন বহু শ্রমিক। হঠাৎই বিকট শব্দে ফেটে পড়ে বিস্ফোরক মজুত থাকা ঘরটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃত শ্রমিকদের দেহাংশ এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

নাগপুরের পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, ডিটোনেটর প্যাকিংয়ের সময় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শোকের ছায়া ও ক্ষতিপূরণ ঘোষণা: এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশেও মৃত্যুমিছিল: উল্লেখ্য, মহারাষ্ট্রের এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। সেখানেও মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা শ্রমিক ছিলেন। পর পর দুই রাজ্যে এই শিল্প দুর্ঘটনা দেশের কলকারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।