মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাপট! স্থগিত সিবিএসই-র বোর্ড পরীক্ষা, বিপাকে হাজার হাজার প্রবাসী পড়ুয়া!

ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যকার বিধ্বংসী যুদ্ধ এবার সরাসরি প্রভাব ফেলল ভারতীয় শিক্ষা ব্যবস্থায়। মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলের সাতটি দেশে সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার, ২ মার্চ নির্ধারিত সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান, বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে এই নির্দেশ কার্যকর হবে। মূলত পড়ুয়া এবং স্কুল কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই কড়া পদক্ষেপ। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হলেও বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না বোর্ড। আগামী বৃহস্পতিবার ও তার পরের পরীক্ষাগুলো নেওয়া হবে কি না, তা মঙ্গলবার পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হবে। সিবিএসই আরও জানিয়েছে, গুজব এড়াতে অভিভাবক ও পড়ুয়ারা যেন কেবল অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যের ওপর ভরসা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।