বিশ্বের প্রথম ৭ তারা হোটেলে বড় ক্ষতি! খামেনেই হত্যার বদলা নিতে দুবাইকে টার্গেট করল ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার গ্রাস করল বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন কেন্দ্র দুবাইকে। শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর, ইরান পাল্টা আঘাত হানল সংযুক্ত আরব আমিরশাহীর ওপর। ইরানের ড্রোন হামলার শিকার হলো দুবাইয়ের আইকনিক ৭ তারা হোটেল ‘বুর্জ আল আরব’। জাহাজের পালের মতো দেখতে এই বিশ্ববিখ্যাত হোটেলের সামনের অংশে ড্রোনটি আছড়ে পড়লে ভয়াবহ আগুন লেগে যায়। হোটেলের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু বুর্জ আল আরব নয়, ইরানের মিসাইল হানা থেকে রেহাই পায়নি বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফাও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেই ভবনটি খালি করে দেওয়া হয়েছিল, তবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। এছাড়া দুবাই বিমানবন্দর এবং মানুষের তৈরি কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ-তেও ড্রোন আছড়ে পড়ার খবর মিলেছে। ইরানের এই বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানা আবুধাবি এবং কাতার পর্যন্ত বিস্তৃত হয়েছে। খামেনেই ও তাঁর পরিবারের মৃত্যুর পর ইরান যেভাবে প্রতিবেশী দেশগুলিতে থাকা মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোকে টার্গেট করছে, তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যার ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।