লাদাখে আছড়ে পড়ল ইরানের শোকের ঢেউ! সর্বোচ্চ নেতার প্রয়াণে প্রতিবাদে সামিল হাজার হাজার শিয়া ধর্মাবলম্বী!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনেইয়ের প্রয়াণের খবরে শোকস্তব্ধ লাদাখের কার্গিল। রবিবার ভোররাত থেকেই কার্গিলের পাহাড়ি রাস্তায় নেমে আসে প্রতিবাদীদের ঢল। আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় খামেনেইর ‘শাহাদাত’-এর খবর পৌঁছাতেই শিয়া-অধ্যুষিত এই জেলায় শোক আর ক্রোধের আগুন জ্বলে উঠেছে।
কার্গিলের মূল রাস্তা, বাজার এবং মসজিদের সামনে হাজার হাজার মানুষ কালো পতাকা ও খামেনেইর ছবি হাতে বিক্ষোভে সামিল হন। মিছিলে অংশ নেওয়া পুরুষ ও মহিলারা ‘খামেনেই শহীদ’, ‘মুর্দাবাদ আমেরিকা’ এবং ‘মুর্দাবাদ ইজরায়েল’ স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন। কার্গিলের মানুষের কাছে খামেনেই কেবল এক রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন এক আধ্যাত্মিক পথপ্রদর্শক। স্থানীয় বাসিন্দা হাসানের কথায়, “আজ আমাদের হৃদয় ছিন্নভিন্ন। খামেনেই ছিলেন মজলুমদের আশ্রয়, তাঁর মৃত্যু পুরো শিয়া উম্মাহর ওপর বড় আঘাত।” লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জান এই হামলাকে ‘বর্বর আক্রমণ’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা কার্গিল জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।