ভোটের আগেই বড় ধাক্কা! খোদ মন্ত্রীর নামেই ‘তথ্য বিভ্রাট’, প্রার্থী হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা!

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই বড়সড় বিপাকে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গিয়েছে, মন্ত্রীর নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এর অর্থ হলো, শুনানির পর তাঁর পেশ করা তথ্যে অসঙ্গতি মেলায় বিষয়টি এখন বিচারবিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে। আর এই আইনি প্যাঁচেই এখন ঝুলে রয়েছে তজমুলের রাজনৈতিক ভবিষ্যৎ।
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা এই হেভিওয়েট নেতার নামে তথ্যগত অসঙ্গতির কারণে গত ১৮ জানুয়ারি কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছিল। নিয়ম অনুযায়ী, কলকাতা হাইকোর্ট নিযুক্ত অতিরিক্ত জেলা বিচারক এই নথি যাচাই করে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত তাঁর নাম চূড়ান্ত তালিকায় উঠবে না। তৃণমূল শিবিরের চিন্তা বাড়িয়ে দিয়েছে একটিই প্রশ্ন—মনোনয়ন জমা দেওয়ার আগে কি এই জটিলতা মিটবে? যদি না মেটে, তবে তজমুল হোসেনের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
মালদা জেলা তৃণমূলের অন্দরেও এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, এবার তাঁকে হরিশ্চন্দ্রপুরের বদলে চাঁচল কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবছিল দল। কিন্তু ভোটার তালিকায় এই বিভ্রাট সব অঙ্ক ওলটপালট করে দিতে পারে। জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু অবশ্য আশাবাদী। তিনি জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সুযোগ থাকে। তবে বিজেপির অঙ্গুলিহেলনে কমিশন যদি দেরি করে, তবে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। এখন দেখার, বিচার ব্যবস্থার রায়ে তজমুল হোসেনের নির্বাচনী বৈতরণী পার হয় কি না।