খামেনেই হত্যাকাণ্ডে উত্তাল কলকাতা! ধর্মতলায় SUCI-এর মিছিলে ইজরায়েল-আমেরিকা বিরোধী হুঙ্কার!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যাকাণ্ডের আঁচ এবার এসে পড়ল কলকাতার বুকে। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই বিধ্বংসী যুদ্ধের প্রতিবাদে এবং মার্কিন-ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হল এসইউসিআই (SUCI)। রবিবার ধর্মতলা থেকে কলকাতার মার্কিন দূতাবাস (US Consulate) পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল বের করে তারা। মিছিলের অগ্রভাগে থাকা প্ল্যাকার্ডে স্পষ্ট ভাষায় লেখা ছিল— “যুদ্ধবাজ ইজরায়েল-আমেরিকার ইরান আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।”
ইরানের সরকারি সংবাদমাধ্যম ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ঘাতক বিমান হামলায় খামেনেই একা নন, তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ এমনকি নাতিও প্রাণ হারিয়েছেন। এই নৃশংস ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কলকাতার রাজপথে নামে বামপন্থী কর্মীরা। তাঁদের দাবি, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্র বানানো চলবে না। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল আমেরিকার আগ্রাসন বিরোধী স্লোগান। উল্লেখ্য, ইরানে এই হামলায় ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত সাতশোর বেশি।
এদিকে, খামেনেইর প্রয়াণের পর ইরানের শাসনক্ষমতা কার হাতে যাবে, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কিছুটা কেটেছে। তিন সদস্যের কাউন্সিল আপাতত অভিজ্ঞ ধর্মগুরু আয়াতোল্লা আলিরেজা আরাফিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে। ভারতের ইরান দূতাবাসও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বরতা’ বলে অভিহিত করেছে। শুধু কলকাতা নয়, খামেনেইর মৃত্যুতে কাশ্মীর থেকে করাচি— সর্বত্রই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। পশ্চিম এশিয়ার এই চরম উত্তেজনা বিশ্বশান্তিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।