ইডেনে লেজার শো না কি ক্যারিবিয়ান তান্ডব? আজ হারলেই বিদায়, সূর্যের সামনে মরণ-বাঁচন লড়াই!

কলকাতার নন্দনকানন আজ প্রস্তুত এক রুদ্ধশ্বাস যুদ্ধের জন্য। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানের দাপুটে জয় ভারতের রান রেটের চিন্তা কমিয়ে দিয়েছে। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি স্রেফ জয়-পরাজয়ের নয়, এটি ভারতের জন্য টিকে থাকার লড়াই। জিতলেই সেমিফাইনাল, হারলেই বিশ্বকাপ থেকে ছুটি— এমন সমীকরণে ফুটছে তিলোত্তমা।

টিকিট নিয়ে হাহাকার ও উন্মাদনা ইডেনে ভারত মানেই টিকিটের হাহাকার। ৯০০ টাকার টিকিট কালোবাজারে বিকোচ্ছে ৩০০০ টাকায়! আকাশছোঁয়া দাম সত্ত্বেও দর্শকদের উন্মাদনায় ভাঁটা পড়েনি। দর্শকদের বিনোদনের জন্য আজ থাকছে বর্ণাঢ্য ‘লেজার শো’ এবং জনপ্রিয় ‘ধুরন্ধর’ সিনেমার গান। অধিনায়ক সূর্যকুমার যাদবকে স্বাগত জানানো হবে বিশেষ পুষ্পস্তবক দিয়ে। তবে মাঠের বাইরের এই উৎসব পূর্ণতা পাবে যদি ভারত আজ মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসে।

ক্যারিবিয়ান পাওয়ার হিটিং বনাম ভারতীয় ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ যেকোনো বোলিংয়ের জন্য আতঙ্কের নাম। শাই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ডদের মতো পাওয়ার হিটাররা একসময় ৬০ রানে ৬ উইকেট হারিয়েও ১৭৬ রান তোলার ক্ষমতা রাখেন। অন্যদিকে, ভারতও ছন্দে আছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রান তুলে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মার হাফ সেঞ্চুরি এবং তিলক বর্মার ১৬ বলে ৪৪ রানের ইনিংস ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

পিচ ও বোলিং দুশ্চিন্তা ইডেনের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর মতে, টসে জিতলে রান তাড়া করাই বুদ্ধিমানের কাজ হবে। তবে ভারতের মূল চিন্তার জায়গা বোলিং। জসপ্রীত বুমরাহ উইকেট না পেলে চাপে পড়ে যাচ্ছে দল। বিশেষ করে বরুণ চক্রবর্তীর অফ-ফর্ম এবং শিবম দুবের খরুচে বোলিং দুশ্চিন্তা বাড়িয়েছে। গতির সাথে বাউন্স থাকা এই পিচে মোটি বা রোস্টন চেজদের স্পিন বিষ সামলানোই হবে ভারতীয় ব্যাটারদের আসল চ্যালেঞ্জ। ১০ বছর আগের হারের বদলা নিতে আজ সূর্য-বাহিনী কতটা তৈরি, সেটাই এখন দেখার।