খামেনেই নিধনের পর প্রলয় শুরু! ইরানি হুমকির পালটা ট্রাম্পের হুঙ্কার— “এমন রূপ দেখাব যা কেউ কল্পনাও করেনি

আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর খবর রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে তেহরান। খামেনেইয়ের প্রয়াণকে ‘শহাদত’ হিসেবে উল্লেখ করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না। তেহরানের তরফে পাল্টা সামরিক অভিযান শুরুর ঘোষণার পরই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “ইরান বলেছে তারা আজ ভয়াবহ আঘাত হানতে চলেছে। তাদের এমন কিছু না করাই ভালো। কারণ ওরা যদি হামলা চালায়, তবে আমরা এমন শক্তি নিয়ে পালটা জবাব দেব যা ইরান আগে কখনও দেখেনি।” ট্রাম্পের এই ‘টিট ফর ট্যাট’ নীতি সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয়দের জন্য বার্তা: মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক ও প্রবাসী। তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে ভারতের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, কোনও জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকরা নিকটতম এফআরআরও (FRRO) অফিসে যোগাযোগ করতে পারবেন। সেখান থেকে তাঁদের সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক ও আইনি সাহায্য প্রদান করা হবে।