কাশ্মীরে আগ্নেয়গিরি! ইরানের সুপ্রিম লিডারের হত্যার প্রতিবাদে উত্তাল উপত্যকা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ শোকমিছিল

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের প্রয়াণের খবরে উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। রবিবার সকাল থেকেই শ্রীনগরের রাস্তায় শোকের বদলে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। খামেনেইয়ের হত্যার প্রতিবাদে বের হওয়া বিশাল শোকমিছিলকে আটকাতে গিয়ে প্রতিবাদীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাকে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়, যা শ্রীনগরের রাজপথকে কার্যত রণক্ষেত্রে পরিণত করেছে।
মিছিল ঘিরে উত্তেজনা তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই নিহত হওয়ার খবর পৌঁছানো মাত্রই কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শোকের ছায়া নামে। রবিবার সকালে সাইদা কাদল, লাল চক, সোনাওয়ারি ও বান্দিপোরায় শত শত মানুষ কালো পতাকা ও খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নামেন। “আমেরিকা মুর্দাবাদ” ও “ইজরায়েল মুর্দাবাদ” স্লোগানে কেঁপে ওঠে উপত্যকা। তবে নিরাপত্তা বাহিনী আগেভাগেই লাল চক ও সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড দিয়ে রাস্তা সিল করে দিয়েছিল।
সেনা-জনতা সংঘর্ষ প্রতিবাদীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। জমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও মিছিল না থামানোয় সেনা লাঠিচার্জ শুরু করে। বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয় প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে। অভিযোগ উঠেছে, কিছু জায়গায় পালটা পাথরবৃষ্টিও হয়েছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, যদিও সরকারিভাবে কোনো সংখ্যা জানানো হয়নি। বর্তমানে শ্রীনগরের পরিস্থিতি থমথমে, লাল চক জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও সেনাবহিনী।