১০ বছর আগের সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ! ইডেনে কি আজ ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করবে টিম ইন্ডিয়া?

ক্রিকেটের নন্দনকানন আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ জীবন-মরণ ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার কাছে হার সূর্যদের সেমিফাইনালের পথ কঠিন করে দিলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় ভারতকে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। তবে আজকের ম্যাচটি কার্যত ‘নক আউট’; জিতলে সেমিফাইনাল নিশ্চিত, আর হারলে বিদায়।
পুরনো বদলা নেওয়ার পালা ঠিক ১০ বছর আগে ২০১৬ বিশ্বকাপে ওয়াংখেড়েতে ভারতকে হারিয়ে স্বপ্নভঙ্গ করেছিল ক্যারিবিয়ানরা। আজকের ইডেন ম্যাচ সেই অপমানের বদলা নেওয়ার মঞ্চ। পরিসংখ্যান বলছে, দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৯ বার জিতেছে নীল বাহিনী। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, উইকেটে ভালো বাউন্স থাকবে এবং বল টার্ন করবে। টসে জিতলে শিশিরের কথা মাথায় রেখে রান তাড়া করাই বুদ্ধিমানের কাজ হবে।
নজরে টিম কম্বিনেশন অভিষেক শর্মার ফর্মে ফেরা ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেরা ইডেনের ব্যাটিং স্বর্গ কাজে লাগাতে মরিয়া। বল হাতে জসপ্রিত বুমরা এবং বরুণ চক্রবর্তীই হতে পারেন ভারতের তুরুপের তাস। সন্ধ্যা ৭টায় শুরু হবে এই মেগা লড়াই।
ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী।