৮ লক্ষ পরীক্ষার্থীর অগ্নিপরীক্ষা! SSC গ্রুপ-সি পরীক্ষার মাঝেই বড় নির্দেশ, সেন্টারে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ১ মার্চ রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-সি বা শিক্ষাকর্মী নিয়োগের মেগা লিখিত পরীক্ষা। তবে নিয়োগ ঘিরে অতীতে ওঠা হাজারো বিতর্কের কথা মাথায় রেখে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা প্রক্রিয়াকে। রাজ্যজুড়ে মোট ১,৬৯৩টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন প্রায় ৮ লক্ষ ৪ হাজার পরীক্ষার্থী। শূন্যপদ মাত্র ২,৯৮৯টি। অর্থাৎ, প্রতিটি পদের জন্য লড়াই করছেন গড়ে ২৬৯ জন প্রার্থী।

কেন কেন্দ্রে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী? বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে ইতিমধ্য়েই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। বিভিন্ন স্কুল-কলেজে তাদের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। তবে এসএসসি সাফ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের মূল আঙিনায় বা যেখানে পরীক্ষা হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি রাখা যাবে না। এই বিষয়ে রাজ্যের ডিজি এবং পুলিশ কমিশনারকে বিশেষ চিঠিও পাঠিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রশাসনিক ব্যবস্থাপনা যাতে বিঘ্নিত না হয় এবং পরীক্ষার্থীরা যাতে কোনো মানসিক চাপে না পড়েন, তার জন্যই এই পদক্ষেপ। তবে কেন্দ্রের বাইরে রাজ্য পুলিশের কড়া প্রহরা থাকছে।

পরীক্ষার্থীদের জন্য ‘কঠোর’ গাইডলাইন পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ কড়া নিয়ম জারি করেছে কমিশন। পরীক্ষাকেন্দ্রে কোনোভাবেই বুট জুতো বা ঢাকা জুতো পরে ঢোকা যাবে না; শুধুমাত্র হাওয়াই চটি বা চপ্পল পরেই প্রবেশাধিকার মিলবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট তো বটেই, এমনকি অলঙ্কার পরাও নিষিদ্ধ করা হয়েছে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশির পরেই প্রার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও, কড়াকড়ির কারণে সকাল ১০টার মধ্যেই সবাইকে পৌঁছাতে বলা হয়েছে।

পরবর্তী লক্ষ্য গ্রুপ-ডি আজকের গ্রুপ-সি পরীক্ষার রেশ কাটতে না কাটতেই আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা। সেখানেও প্রায় ৮ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী বসবেন। সব মিলিয়ে মার্চ মাসের এই দুই রবিবার কমিশনের কাছে অ্যাসিড টেস্ট। গ্রুপ-সি পরীক্ষার পূর্ণমান ৬০ এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। দুর্নীতির কালো ছায়া সরিয়ে এই নিয়োগ প্রক্রিয়া কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, এখন সেটাই দেখার।