হলিউডে অডিশন দিতে ‘না’! দীপিকার ড্যামেজ কন্ট্রোল নাকি সমালোচকদের কড়া জবাব?

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে কি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে? গত কয়েক দিন ধরে এই জল্পনায় উত্তাল ছিল বিনোদন দুনিয়া। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, অডিশন দিতে রাজি না হওয়ায় এই বড় সুযোগ হাতছাড়া করেছেন বলিউডের ‘মস্তানি’। আর এই জল্পনার মাঝেই সমাজমাধ্যমে দীপিকার একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। অনুরাগীদের ধারণা, নাম না করেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।
নিজের পোস্টে দীপিকা লিখেছেন, “শান্ত থাকতে পারাটাই হলো সবথেকে বড় ‘ফ্লেক্স’ বা শক্তি। শব্দের নেশায় মত্ত এই পৃথিবীতে শান্ত থাকাটাই হলো একটা সুপারপাওয়ার। আপনার যে কাউকে কোনো কিছু প্রমাণ করার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, সেটা জানাই হলো আসল শক্তি।” জীবনের বিশৃঙ্খলার মাঝেও ভেঙে না পড়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখাকেই আসল ক্ষমতা বলে দাবি করেছেন তিনি।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সিরিজের নির্মাতারা দীপিকাকে অডিশন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বলিউডের এই শীর্ষ তারকা অডিশন দিতে আগ্রহী ছিলেন না বলেই প্রজেক্টটি হাতছাড়া হয়। এর আগে সিরিজের তৃতীয় সিজনের প্রস্তাবও তিনি ফিরিয়েছিলেন অন্তঃসত্ত্বা থাকায়। ২০১৭ সালের ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’-এর পর এটিই হতে পারত তাঁর বড় হলিউড কামব্যাক। নেটিজেনদের একাংশ দীপিকার পাশে দাঁড়িয়ে বলছেন, তাঁর মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর অডিশন দেওয়ার প্রয়োজন নেই। অন্য অংশ আবার মনে করছেন, আন্তর্জাতিক আঙিনায় অডিশন একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র।