২৭ বছরের রূপকথায় চরম ট্র্যাজেডি! পরকীয়ার অভিযোগে আদালতের চৌকাঠে বিজয়ের স্ত্রী

দক্ষিণী সিনেমার মেগাস্টার তথা ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (TVK) প্রধান বিজয়ের ২৭ বছরের সাজানো সংসারে ভাঙন। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের দাম্পত্য সম্পর্কের ইতি টানতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম। ১৯৯৯ সালে সাতপাকে বাঁধা পড়া এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে স্তম্ভিত তামিলনাড়ুসহ গোটা দেশের অনুরাগী মহল। দম্পতির দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্য শাশা বর্তমানে এই টানাপোড়েনের মাঝে পড়ে চরম সঙ্কটে।

আদালতে জমা দেওয়া পিটিশনে বিজয়ের বিরুদ্ধে পরকীয়া এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ এনেছেন সঙ্গীতা। বিশেষ বিবাহ আইনের নির্দিষ্ট ধারায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সঙ্গীতা তাঁর আবেদনে দাবি করেছেন, বিজয়ের সঙ্গে এক অভিনেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ২০২১ সালে প্রথম এই সম্পর্কের কথা জানতে পারেন তিনি। বিজয় সেই সময় সম্পর্ক ছিন্ন করার আশ্বাস দিলেও বাস্তবে তা ঘটেনি। উল্টে ওই অভিনেত্রীর সঙ্গে বিজয়কে প্রকাশ্য অনুষ্ঠানে এবং বিদেশে ভ্রমণ করতে দেখা গিয়েছে।

সঙ্গীতার অভিযোগ আরও জোরালো হয়েছে সমাজমাধ্যমের প্রভাবে। ওই অভিনেত্রী যখন বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেন, বিজয় তাতে কোনো আপত্তি না জানিয়ে মৌন সম্মতি দিতেন। এই ঘটনা সঙ্গীতা ও তাঁর সন্তানদের জন্য চরম অবমাননাকর হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদের আবেদনে তিনি জানিয়েছেন, বিজয় তাঁর ওপর আর্থিক ও ব্যক্তিগত বিধিনিষেধ আরোপ করেছেন। রূপকথার মতো শুরু হওয়া এই প্রেম এখন আদালতের নথিতে ‘ব্যভিচার’ ও ‘নিষ্ঠুরতা’র অভিযোগে পর্যবসিত। বিজয় বা তাঁর দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।