হয় ‘করো’ নয় ‘মরো’: শ্রীলঙ্কার বিরুদ্ধে অলৌকিক সমীকরণ মেলাতে পারবে কি পাকিস্তান?

ইডেন গার্ডেন্স নাকি কলম্বোর প্রেমাদাসা— কোথায় হবে বিশ্বকাপের মেগা সেমিফাইনাল? এই প্রশ্নের উত্তর এখন ঝুলে রয়েছে বাবর আজমদের ব্যাটে-বলে। গতকাল ইডেনে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি আসলে ছিল পাকিস্তানের ভাগ্যনির্ধারক লড়াই। ইংল্যান্ডের নাটকীয় জয়ে সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে রইল পাকিস্তান, তবে সমীকরণ এখন এতটাই জটিল যে তাকে ‘অসাধ্য সাধন’ বললেও ভুল হবে না।
নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড ইতিমধ্যে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এখন দ্বিতীয় দল হিসেবে লড়াই শুধু পাকিস্তান ও কিউইদের মধ্যে। টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই থমকে যায়। ইংল্যান্ডের রেহান আহমেদ ও আদিল রশিদের ঘূর্ণিতে কুপোকাত হন কিউই ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও উইল জ্যাকস ও রেহানের ব্যাটে ৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয়। আর এই জয়ই অক্সিজেন জোগাল পাকিস্তানকে।
তবে পাকিস্তানের সামনে এখন পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। রান রেটের বিচারে নিউজিল্যান্ড অনেক এগিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, রান রেটের কাঁটা ঘোরাতে হবে অবিশ্বাস্যভাবে। সমীকরণ বলছে, পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তবে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে। আর যদি রান তাড়া করতে হয়, তবে মাত্র ১৩.৩ ওভারের মধ্যেই ম্যাচ পকেটে পুরতে হবে বাবর-রিজওয়ানদের। যদি আজ এই অসাধ্য সাধন পাকিস্তান করতে পারে, তবে সেমিফাইনাল হবে কলম্বোতে। আর পাকিস্তান ব্যর্থ হলে নন্দনকানন ইডেন গার্ডেন্স পাবে বিশ্বকাপের হাই-ভোল্টেজ নকআউট ম্যাচ। বাবর আজমরা কি পারবেন কলম্বো থেকে ফেরার টিকিট বাতিল করতে? নজর থাকবে আজকের লঙ্কান নিধনের লড়াইয়ে।