‘নিজেকে আধা-অজ্ঞ মনে হয়!’ ইংরেজি না শেখার যন্ত্রণায় দগ্ধ মেসি, কেন এমন আক্ষেপ ফুটবল সম্রাটের?

ফুটবলের সব শিরোপা জিতলেও জীবনের একটি গোল মিস করেছেন বলে মনে করছেন লিওনেল মেসি। সেটি হলো ইংরেজি ভাষা শেখা। মেসি জানিয়েছেন, বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় ভাষার প্রতিবন্ধকতা তাঁকে কুঁকড়ে দেয়। তিনি বলেন, “ছোটবেলায় ইংরেজি পড়তাম না, সময়টা অকারণে নষ্ট করেছি। এখন অনেকের সাথে দেখা হয়, কিন্তু কথা বলতে পারি না। নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হয়।” রোসারিও থেকে ১৩ বছর বয়সে বার্সেলোনায় চলে যাওয়ায় পড়াশোনার জগৎটা এলোমেলো হয়ে গিয়েছিল তাঁর, যা নিয়ে আজ তিনি অনুতপ্ত। তাই নিজের সন্তানদের সবসময় বলেন, “ভালো করে পড়াশোনা করো, নিজেকে প্রস্তুত রাখো।”

মাঠে নিরাপত্তার অভাব ও দুর্ঘটনা: এদিকে পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির একটি প্রীতি ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হলেন মেসি। ইকুয়েডরের ক্লাবের বিরুদ্ধে ম্যাচের ৮৮ মিনিটে এক সমর্থক মাঠে ঢুকে মেসিকে জাপটে ধরেন। তাঁকে আটকাতে গিয়ে এক নিরাপত্তারক্ষী সজোরে ধাক্কা মারলে মেসি মাটিতে পড়ে যান। যদিও বড় কোনও চোট লাগেনি তাঁর। ম্যাচে মায়ামি ২-১ ব্যবধানে জয়ী হয়েছে, যেখানে একটি গোল করেছেন স্বয়ং মেসি।