রানের উৎসব না কি স্পিন-ফাঁদ? দক্ষিণ আফ্রিকার হারের পর কি ঘুরে দাঁড়াবে ভারত? জেনে নিন ইডেনের অন্দরমহল

তিলোত্তমায় এখন শুধু ক্রিকেটের জয়গান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ভাগ্যনির্ধারণী ম্যাচে রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ কার্যত ভারতের কাছে কোয়ার্টার ফাইনাল; জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত, আর হারলে বিদায়। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে সূর্যকুমার যাদবরা। শনিবার শহর কলকাতায় পা রাখতেই উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। দলের হেড কোচ গৌতম গম্ভীর বরাবরের মতো এবারও পৌঁছে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে।
সৌরভের নজরদারি ও সুজনের আশ্বাস: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ইডেনের বাইশ গজ নিজে খতিয়ে দেখলেন সিএবি-র অন্যতম কাণ্ডারি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক এবং ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সুজন মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “পিচ নিয়ে সৌরভ খুশি। রানের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।” জানা যাচ্ছে, যে পিচে স্কটল্যান্ড ২০৭ রান তুলেছিল, সেই পিচই রবিবারের ম্যাচে ব্যবহার করা হবে। ফলে বড় স্কোরের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
শিশির ও স্পিনের অঙ্ক: কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, বর্তমানে কলকাতায় রাতে আর্দ্রতা কম থাকায় শিশিরের (Dew) প্রভাব খুব একটা থাকবে না। ফলে টস ভাগ্য ম্যাচের ফলাফলে খুব একটা হেরফের ঘটাবে না। পিচ শুষ্ক থাকায় কুলদীপ, বরুণ ও অক্ষর প্যাটেলরা যেমন সুবিধা পাবেন, তেমনই অর্শদীপ ও বুমরার মতো পেসারদের জন্যও থাকছে ইনসুইং-এর সুযোগ। তবে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে একটি বিশেষ তথ্য—ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ।
ইতিমধ্যেই ইডেনে লেজার শো এবং মিউজিক সিস্টেমের মহড়া সারা হয়ে গিয়েছে। টিকিটের জন্য হাহাকার চরমে। এখন দেখার, রবিবাসরীয় ইডেনে গম্ভীরের মগজঅস্ত্র আর সূর্যদের ব্যাট ওয়েস্ট ইন্ডিজের সেই অপরাজেয় রেকর্ড ভাঙতে পারে কি না।