মতুয়াদের ভোটাধিকার নিয়ে মহাসংগ্রাম: ‘আমাদের ভোট অবৈধ হলে প্রধানমন্ত্রীও অবৈধ’, বিস্ফোরক মধুপর্ণা ঠাকুর

শনিবার বিকেলেই প্রকাশিত হয়েছে এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকা। আর সেই তালিকা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল ঠাকুরবাড়ি। তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে পরিকল্পিতভাবে প্রায় ৯০ শতাংশ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ: মমতাবালা ঠাকুর সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করে বলেন, “বিজেপি এতদিন বলে এসেছিল মতুয়াদের কোনও সমস্যা হবে না। এখন চারপাশ থেকে মতুয়াদের ফোন আসছে, তাঁদের ভোট কেটে দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুর আগে বলেছিলেন মতুয়াদের পাশে থাকবেন, আর এখন বলছেন নির্বাচন কমিশন সব জানে। ওনার মাথার ডাক্তার দেখানো উচিত।” মমতাবালা আরও জানান, বাগদার মতো এলাকায় প্রায় ৬০-৬৬ শতাংশ মতুয়া ভোটের মধ্যে ১৪ হাজার ভোট ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।

বিস্ফোরক বাগদার বিধায়ক: মতুয়া পরিবারের সদস্য তথা বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি জানান, শুধুমাত্র বাগদাতেই ১৪ হাজারের বেশি ভোট কেটে দেওয়া হয়েছে এবং ১৩ হাজারের বেশি ভোট ‘বিচার্য’ বা ‘Under Adjudication’ তালিকায় রাখা হয়েছে। মধুপর্ণার প্রশ্ন, “এই এলাকার বেশিরভাগ মানুষই মতুয়া সমাজের। তাঁদের ভোট যদি অবৈধ হয়, তবে সেই ভোটে জেতা প্রধানমন্ত্রীও অবৈধ। আমরা শেষ পর্যন্ত মতুয়াদের পাশে আছি এবং এই অবিচারের বদলা রাস্তায় নেমে নেব।”

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে মতুয়ারা প্রথম থেকেই আশঙ্কিত ছিলেন যে এর ফলে তাঁদের নাগরিকত্ব সংকটে পড়তে পারে। চূড়ান্ত তালিকায় ব্যাপক নাম বাদ পড়ায় সেই আশঙ্কা এবার গণ-আন্দোলনের রূপ নিতে চলেছে বনগাঁ সীমান্তে।