নির্বাচনী তালিকায় মহাপ্রলয়! বাদ পড়ল ৬৬ লক্ষ নাম, ১.৮২ কোটি নতুন ভোটার; আপনার নাম আছে তো?

দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গের ভোটার তালিকার চূড়ান্ত রূপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে এই তালিকায় একদিকে যেমন বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, তেমনই এক বিশাল অংশের ভোটারের ভবিষ্যৎ এখনও ‘বিচারাধীন’ বা ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়ে রয়েছে।

হিসাবের গোলকধাঁধা: কী ছিল আর কী হল? কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের সময় দেখা যায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম এনুমারেশন ফর্ম জমা না পড়ার কারণে বাদ গিয়েছে। এরপর সংশোধন পর্বে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে, ফর্ম ৬ ও ৬এ-র মাধ্যমে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১ কোটি ৮২ লক্ষ ৩৬ জন। সব মিলিয়ে অযোগ্য ভোটার ছাঁটাই এবং নতুন নাম অন্তর্ভুক্তির পর চূড়ান্ত সংখ্যাটি ৭ কোটির গণ্ডি ছাড়িয়েছে।

‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ও ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ তালিকায় সবথেকে বড় চমক হল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশাল সংখ্যক ভোটারের নথিপত্র বর্তমানে বিচার বিভাগীয় আধিকারিকদের (Judicial Officers) পর্যবেক্ষণে রয়েছে। তাঁদের নামের পাশে লেখা রয়েছে ‘Under Adjudication’। কমিশন জানিয়েছে, যাঁদের নাম তালিকায় নেই বা বাদ গিয়েছে, তাঁরা আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় ফর্ম-৬ পূরণ করে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত চলবে।

পুলিশি তৎপরতা ও ডিজির বার্তা ভোটার তালিকা নিয়ে যাতে কোনও রাজনৈতিক উত্তেজনা বা গুজব না ছড়ায়, তার জন্য কোমর বেঁধে নেমেছে রাজ্য পুলিশ। ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে জানিয়েছেন, “আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা প্রক্রিয়া স্বচ্ছভাবে চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।” ব্লক এবং জেলা স্তরে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে যাতে তালিকা দেখা বা সংশোধনের সময় সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।