বাংলার ভোটার তালিকায় মহাপ্রলয়! উধাও লক্ষ লক্ষ নাম, কী জানাচ্ছে নির্বাচন কমিশন?

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে দীর্ঘ টালবাহানা ও বিতর্কের পর অবশেষে প্রকাশিত হল স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর চূড়ান্ত তালিকা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এই শুদ্ধিকরণ অভিযানে ব্যাপক রদবদল লক্ষ্য করা গেছে। শনিবার বিকেলে অনলাইনে এই তালিকা আপলোড হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫টি নাম।

কত নাম ছিল আর কত নাম রইল? SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৭ লক্ষ ৩১ হাজার ৮৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ৭৭৭ জন।

খসড়া বা ড্রাফট লিস্ট প্রকাশের সময় দেখা গিয়েছিল, এনুমারেশন ফর্ম জমা না পড়ায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ গিয়েছে। তখন মোট ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০-এ। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও কমেছে। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকার পর আরও ৫ লক্ষ ৪৬ হাজার ০৫৩ জন ভোটারের নাম কাটা গিয়েছে।

নতুন সংযোজন ও বর্তমান চিত্র: তবে শুধুমাত্র নাম বাদ গিয়েছে এমনটা নয়, অনেক নতুন নাম যুক্তও হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ফর্ম ৬ ও ৬এ-র মাধ্যমে তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। এ ছাড়া ফর্ম ৮-এর মাধ্যমে সংশোধিত হয়ে যুক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৭১টি নাম। এই সমস্ত হিসেব নিকেশের পর বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন

বিতর্ক ও ‘অ্যাডজুডিকেশন’ মার্ক: বিজেপি নেতারা প্রথম থেকেই দাবি করে আসছিলেন যে বাংলায় প্রায় এক কোটি ভুয়ো ভোটার রয়েছে এবং সেই নাম বাদ যাবে। যদিও তৃণমূল কংগ্রেস একে ‘NRC-র ছায়া’ বলে সমালোচনা করেছে। তবে নজরকাড়া বিষয় হল, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তালিকায় একটি নতুন বিভাগ রাখা হয়েছে। প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নামের পাশে ‘Under Adjudication’ লেখা রয়েছে। অর্থাৎ, এঁদের নথিপত্র বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যবেক্ষণে রয়েছে। যতক্ষণ না সাপ্লিমেন্টারি লিস্ট বের হচ্ছে, ততক্ষণ এই ভোটারদের ভাগ্য ঝুলেই রইল।

আপনার নাম তালিকায় আছে কি না তা জানতে এখন অনলাইনেই চেক করা সম্ভব। নির্বাচন কমিশনের (ECI) অফিসিয়াল পোর্টাল বা সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইট থেকে এলাকাভিত্তিক তালিকা ডাউনলোড করা যাচ্ছে।