বলিভিয়ায় মহাপ্রলয়! ভেঙে পড়ল টাকা ভর্তি বায়ুসেনার বিমান, নোট কুড়োনোর হিড়িকে চরম বিশৃঙ্খলা

বলিভিয়ার এল অল্টো শহরে এক ভয়াবহ ও নজিরবিহীন বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। শুক্রবার বলিভিয়ার বিমান বাহিনীর একটি ‘হারকিউলিস’ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে লা পাজের কাছে একটি ব্যস্ত রাস্তার ওপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তবে দুর্ঘটনার ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে বিমানটিতে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিমানটি নতুন ছাপানো প্রচুর নোট নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ বা খারাপ আবহাওয়ার কারণে বিমানটি সরাসরি রাস্তার ওপর থাকা চলন্ত যানবাহনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। কিন্তু বিমানটি ভেঙে পড়ার পরেই শুরু হয় এক অদ্ভুত দৃশ্য। ধ্বংসস্তূপ থেকে ছড়িয়ে পড়া নতুন নোট কুড়োনোর জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, যা উদ্ধারকাজে বড়সড় বাধার সৃষ্টি করে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে দাউদাউ করে জ্বলছে বিমানের ধ্বংসাবশেষ, আর অন্যদিকে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ টাকা কুড়োতে ব্যস্ত। ‘বলিভিয়ানা ডে এভিয়েশন’ স্পষ্ট করেছে যে বিমানটি তাদের সংস্থার নয়, এটি বায়ুসেনার নিজস্ব পরিবহন বিমান ছিল। আবহাওয়া না কি যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলিভিয়া প্রশাসন।