৩ হাজার পদের জন্য ৮ লক্ষের মহাযুদ্ধ! আজ কড়া পাহাড়ায় রাজ্যজুড়ে গ্রুপ-সি নিয়োগ পরীক্ষা

দীর্ঘ আইনি জটিলতা আর প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলের পর, আজ রবিবার পশ্চিমবঙ্গজুড়ে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি (SSC) গ্রুপ-সি বা শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। রাজ্যজুড়ে মোট ১৬৯৩টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরিসংখ্যানেই স্পষ্ট লড়াইটা কতটা কঠিন; মাত্র ২ হাজার ৯৮৯টি শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসছেন ৮ লক্ষ ৪ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি পদের জন্য লড়াই করছেন গড়ে ২৬৯ জন প্রার্থী।
এদিনের পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। টুকলি বা কোনো ধরণের ইলেকট্রনিক জালিয়াতি রুখতে পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া ড্রেস-কোড। নির্দেশিকা অনুযায়ী, কোনো পরীক্ষার্থী বুট বা ঢাকা জুতো পরে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; বাধ্যতামূলকভাবে পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। এছাড়াও সঙ্গে রাখতে হবে স্বচ্ছ পেন এবং জলের বোতল। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
আজকের দিনটি প্রশাসনিকভাবেও অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ একদিকে যেমন রাজ্যজুড়ে পরীক্ষা চলছে, অন্যদিকে আজই রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। পরীক্ষা চলাকালীন কোনোভাবেই যাতে বাহিনীর জওয়ানরা স্কুল চত্বরে প্রবেশ না করেন, সে বিষয়ে সতর্কবার্তা দিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে এসএসসি। মূলত ২০১৬-র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে পুনরায় এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে, আর আজ হচ্ছে গ্রুপ-সি। এরপর আগামী ৮ মার্চ গ্রুপ-ডি পরীক্ষার নির্ঘণ্টও স্থির করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে কমিশন কতটা সফল হয়, এখন সেটাই দেখার।