“এটাই সুবর্ণ সুযোগ, বিদ্রোহ করো”— ইরানিদের পথে নামার ডাক নেতানিয়াহুর, ট্রাম্পকে দরাজ সার্টিফিকেট

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার মনস্তাত্ত্বিক যুদ্ধের চরম সংকলন। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই আর বেঁচে নেই। তেহরানে খামেনেইয়ের নিজস্ব কম্পাউন্ডে ভয়াবহ হামলার পর ইজরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তাঁর ‘নিথর দেহের’ ছবি প্রধানমন্ত্রীকে দেখিয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছে ইরান।

রবিবার হিব্রু ও ইংরেজি ভাষায় দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে যে খামেনেই আর নেই। তাঁর প্রাঙ্গণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।” এই অভিযানে ইরানের রেভোলিউশনারি গার্ডের (IRGC) শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও খতম করা হয়েছে বলে দাবি তাঁর। এই মোক্ষম সময়ে ইরানি জনগণকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, “এই সুযোগ প্রজন্মে একবারই আসে। রাস্তায় নামুন, নিজেদের দেশ ফিরিয়ে নিন।”

নেতানিয়াহু এই অভিযানের সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঐতিহাসিক নেতৃত্ব’-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “ট্রাম্প এমন এক নেতা যিনি কথা রাখেন।” ইজরায়েলি প্রধানমন্ত্রীর মতে, ইরান যেভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছিল, এই হামলা সেই পরিস্থিতিকে আমূল বদলে দেবে। অন্যদিকে, আইডিএফ (IDF) জানিয়েছে, ইরানের হুমকি শুধু ইজরায়েলের জন্য নয়, সমগ্র অঞ্চলের শান্তির জন্য বিপদ। যদিও ইরান এখনও পর্যন্ত খামেনেইয়ের মৃত্যুর খবরকে ‘শত্রুপক্ষের প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিচ্ছে, তবে সর্বোচ্চ নেতার কোনো সাম্প্রতিক ভিডিও বা বিবৃতি সামনে না আসায় রহস্য ঘনীভূত হচ্ছে।