মার্চে ১২ দিন তালা ঝুলবে শেয়ার বাজারে! হোলি-রামনবমী মিলিয়ে ছুটির লম্বা তালিকায় বড় আপডেট

বিনিয়োগকারীদের জন্য মার্চ মাস হতে চলেছে অত্যন্ত সংক্ষিপ্ত। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, ভারতীয় শেয়ার বাজার (NSE ও BSE) এই মাসে সপ্তাহান্তের ছুটি এবং উৎসব মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে। অর্থাৎ, মাসের প্রায় ৪০ শতাংশ সময় বাজারে কোনো লেনদেন হবে না। ইক্যুইটি থেকে শুরু করে ডেরিভেটিভস, কারেন্সি এবং কমোডিটি—সব বিভাগেই এই ছুটি কার্যকর হবে। যারা নিয়মিত ট্রেড করেন, তাঁদের জন্য এই ছুটির তালিকা জানা অত্যন্ত জরুরি।
উৎসবের ৩টি বিশেষ ছুটি: সপ্তাহান্তের নিয়মিত ৯টি ছুটি (৪টি শনিবার এবং ৫টি রবিবার) ছাড়াও মার্চ মাসে তিনটি বিশেষ কারণে বাজার বন্ধ থাকবে:
-
৩ মার্চ (মঙ্গলবার): হোলি বা দোলযাত্রা উপলক্ষে দেশজুড়ে বাজার বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ওই দিন হোলিকা দহনও পালিত হচ্ছে।
-
২৬ মার্চ (বৃহস্পতিবার): পবিত্র রাম নবমী উপলক্ষে শেয়ার বাজারে কোনো লেনদেন হবে না।
-
৩১ মার্চ (মঙ্গলবার): শ্রী মহাবীর জয়ন্তী উপলক্ষে মার্চ মাসের শেষ ট্রেডিং হলিডে থাকবে।
হোলি নিয়ে বিশেষ আপডেট: অনেকের মনেই প্রশ্ন ছিল ৪ মার্চ রঙের উৎসবের দিন বাজার খোলা থাকবে কি না। স্পষ্ট জানানো হয়েছে যে, ৩ মার্চ মঙ্গলবারই ছুটির দিন ধার্য করা হয়েছে। ৪ মার্চ বুধবার থেকে বাজার যথারীতি সকাল ৯:১৫ মিনিটে খুলবে এবং বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে।
বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, ছুটির এই লম্বা তালিকার কথা মাথায় রেখেই যেন তাঁরা নিজেদের পোর্টফোলিও এবং ফান্ডের পরিকল্পনা করেন। ছুটির দিনগুলোতে কোনোও সেটলমেন্ট হবে না, তাই নগদ টাকার প্রয়োজন থাকলে আগেভাগেই ব্যবস্থা রাখা বুদ্ধিমানের কাজ হবে।