কোহলির বিশ্বরেকর্ড চুরমার করেও ট্র্যাজিক হিরো ফারহান! বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান

ক্রিকেটে ব্যক্তিগত নজির অনেক সময় ম্লান হয়ে যায় দলের ব্যর্থতায়। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক তেমনটাই ঘটল শাহিবজাদা ফারহানের সঙ্গে। বিরাট কোহলির এক দশকের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এই পাক ওপেনার, কিন্তু দিনশেষে তাঁর ঝোলো সেঞ্চুরিও পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে পারল না। ৫ রানে ম্যাচ জিতলেও নেট রান-রেটের মারপ্যাঁচে কপাল পুড়ল গ্রিন আর্মিদের। পাকিস্তানের এই বিদায়ে নিশ্চিত হয়ে গেল কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা প্রথম সেমিফাইনালের লাইন-আপ।

কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান: ২০১৪ টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি ৩১৯ রান করে একটি টুর্নামেন্টে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন। শনিবার লঙ্কান বোলারদের নিয়ে ছেলেখেলা করে সেই রেকর্ড নিজের নামে করলেন ফারহান। চলতি বিশ্বকাপে তাঁর মোট রান এখন ৩৮৩। শুধু তাই নয়, ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করার বিরল নজিরও স্পর্শ করলেন তিনি। ৬০ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা।

সমীকরণ ও ম্যাচের রোমাঞ্চ: সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কেবল জিতলেই হতো না, শ্রীলঙ্কাকে ১৪৬ রানের মধ্যে আটকে রাখতে হতো। প্রথমে ব্যাট করে ফারহান ও ফখর জামানের (৪২ বলে ৮৪) সৌজন্যে ২১২ রানের বিশাল স্কোর খাড়া করে পাকিস্তান। এক সময় মনে হচ্ছিল পাকিস্তান অসাধ্য সাধন করবে। কিন্তু শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বাধা হয়ে দাঁড়ান। ৩১ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি শ্রীলঙ্কাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান দরকার ছিল, শাহিন আফ্রিদিকে পরপর ছক্কা মেরে শানাকা ম্যাচ জমিয়ে দিলেও শেষ পর্যন্ত ২০৭ রানে থামে শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ডের হাসি, পাকিস্তানের কান্না: ৫ রানে ম্যাচ জিতেও পাকিস্তানের নেট রান-রেট (-০.১২৩) নিউজিল্যান্ডের (+১.৩৯০) থেকে নিচে থেকে যায়। ফলে সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও কিউইরা শেষ চারে পৌঁছে গেল। টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা টানা চার হার নিয়ে বিদায় নিল। অন্য দিকে, জয় সত্ত্বেও মাঠ ছাড়ার সময় ফারহানদের মুখে ছিল বিষাদের ছায়া।