১ মার্চ ইডেনে মরণ-বাঁচন যুদ্ধ! সূর্যকুমারদের জন্য রাত জাগবে কলকাতা, ভক্তদের জন্য বিরাট ঘোষণা মেট্রোর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১ মার্চ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসতে চলেছে এক মেগা আসর। মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি কার্যত দুই দলের কাছেই ‘কোয়ার্টার ফাইনাল’। কারণ, যে দল জিতবে তারাই সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, আর হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে তিলোত্তমার ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আর দর্শকদের কথা মাথায় রেখে এক দারুণ সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং শেষ হওয়ার কথা রাত সাড়ে ১০টা নাগাদ। দর্শকদের সুবিধার্থে ওই দিন ব্লু-লাইন বা উত্তর-দক্ষিণ করিডোরে বিশেষ মধ্যরাত্রিকালীন মেট্রো পরিষেবা চালানো হবে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। এর মধ্যে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং অন্যটি কবি সুভাষের অভিমুখে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাবে। মাঝখানের সমস্ত স্টেশনে এই ট্রেন দুটি দাঁড়াবে। ফলে ম্যাচ দেখে রাত করে ফিরতে থাকা দর্শকদের আর ভোগান্তিতে পড়তে হবে না।
গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপাকে পড়েছিল সূর্য ব্রিগেড। তবে গত ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে ভারত তাদের রান রেট ও আত্মবিশ্বাস অনেকটাই পুনরুদ্ধার করেছে। অভিষেক শর্মা ও তিলক ভার্মার ফর্মে ফেরা ভারতের জন্য স্বস্তির খবর। বর্তমানে ভারতের রান রেট -০.১০ হলেও ক্যারিবিয়ানদের রান রেট +১.৭৯, যা যথেষ্ট ঈর্ষণীয়। ফলে ১ মার্চের লড়াইয়ে যে কোনো মূল্যে জয় চাই ভারতের। ইডেনে হাউসফুল গ্যালারির গর্জন আর মেট্রোর এই বিশেষ পরিষেবা— সব মিলিয়ে ক্রিকেটের মহাযুদ্ধের জন্য তৈরি কলকাতা।