২৮ মার্চ থেকে শুরু আইপিএলের মেগা লড়াই! ৩১ মে ফাইনাল, কেন ঝুলে রয়েছে সূচি?

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা মিটলেই দেশজুড়ে শুরু হবে আইপিএলের (IPL 2026) মহারণ। সরকারিভাবে এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ মে। মূলত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসমে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পরিষ্কার না হওয়ায় সূচি ঘোষণা করতে দেরি করছে বিসিসিআই। অতীতের মতো এবারও হয়তো দুই দফায় আইপিএলের সূচি ঘোষণা করা হতে পারে।

এবারের আইপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গতবার আরসিবি-র শিরোপা জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১ লক্ষেরও বেশি ভিড় এবং পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় এবার প্রথম ম্যাচের ভেন্যু নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। কর্নাটক সরকার স্টেডিয়ামের ছাড়পত্র দিলেও আরসিবি কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। নিরাপত্তার খাতিরে প্রথম ম্যাচ বা হোম ম্যাচগুলি নভি মুম্বই, রায়পুর বা পুণেতে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আগামী সপ্তাহের গভর্নিং কাউন্সিলের বৈঠকেই সূচি ও ভেন্যু জট কাটার সম্ভাবনা রয়েছে।