‘অস্তিত্ব রক্ষার লড়াই’! ১ মার্চ থেকে বিজেপির মেগা ‘পরিবর্তন যাত্রা’, তৃণমূল-বাম-কংগ্রেসকেও খোলা আমন্ত্রণ শমীকের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই রণহুঙ্কার দিল বিজেপি। ১ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। শুক্রবার এই কর্মসূচির টিজার এবং বুকলেট প্রকাশ করে তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারও। শমীকের দাবি, ২০১১ সালের পরিবর্তন ছিল কেবল ‘একাধিপত্যের পালাবদল’, গণতন্ত্র ফেরাতে এবার চাই আসল পরিবর্তন।

বিজেপির এই রথযাত্রা চলবে দুই দফায়। ১ মার্চ ৪টি এবং ২ মার্চ ৫টি বড় জনসভার মাধ্যমে এর সূচনা হবে। ৩ ও ৪ মার্চ দোল উৎসবের জন্য যাত্রা স্থগিত থাকলেও ৫ মার্চ থেকে ফের ৯টি জায়গা থেকে যাত্রা শুরু হয়ে ১০ মার্চ কলকাতায় এসে শেষ হবে। এই মেগা কর্মসূচিতে ২৫০টি বিধানসভা কেন্দ্র কভার করা হবে, যেখানে ৬৪টি বড় জনসভা এবং ৫৫০টিরও বেশি ছোট পথসভা বা রিসেপশন হবে। শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল আজ জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে।” তাৎপর্যপূর্ণভাবে, পশ্চিমবঙ্গের ‘গভীর অসুখ’ সারাতে তিনি কেবল সাধারণ মানুষ নয়, তৃণমূলের বঞ্চিত কর্মী এবং বাম-কংগ্রেস সমর্থকদেরও এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ১০ মার্চ কলকাতার ব্রিগেড বা বড় কোনও ময়দানে প্রধানমন্ত্রীর মেগা জনসভার মাধ্যমেই এই যাত্রার ইতি ঘটবে।