অজি ঝড়ে চুরমার বিশ্বচ্যাম্পিয়নরা! ভলের বিধ্বংসী সেঞ্চুরিতে হোবার্টে সিরিজ হারাল হরমনপ্রীতের ভারত

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাপট কাজে এল না অজিভূমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচেও ধরাশায়ী হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার হোবার্টে ৫ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল হরমনপ্রীত ব্রিগেড। ২৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের কার্যত পাড়ার স্তরে নামিয়ে আনলেন জর্জিয়া ভল। মাত্র ৩৬.১ ওভারেই জয় নিশ্চিত করে অজিব্রিগেড।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। চোট সারিয়ে ফিরে অধিনায়িকা নিজে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। বিশ্বকাপের তারকা প্রতীকা রাওয়ালও ফর্মে ফিরে ৫২ রান করেন। রিচা ঘোষ এবং কাশ্বী গৌতমের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে ভর করে ভারত ২৫১ রান তোলে। কিন্তু রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই ছিল আগ্রাসী। ওপেনার ফোয়েব লিচফিল্ড ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। এরপর জর্জিয়া ভল মাত্র ৮২ বলে ১০১ রানের এক বিধ্বংসী সেঞ্চুরি করে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন চুরমার করে দেন। কাশ্বী ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট পেলেও অজিদের রান তোলার গতিতে রাশ টানতে পারেননি। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।